Type Here to Get Search Results !

মোদির গ্যারান্টি’! - স্মরণ করলেন জিৎ

 বিনোদন 


'মোদির গ্যারান্টি’! - স্মরণ করলেন জিৎ 



  শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিনোদন জগতের অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অভিনেতা জিৎ। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন উপস্থিত থাকলেও কখনও সরাসরি রাজনীতির মঞ্চে দেখা যায়নি তাঁকে। টলিউডের ‘বস’ জিৎ বরাবরই নিজেকে রাজনৈতিক রঙ থেকে দূরে রাখতে পছন্দ করেন। কিন্তু মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন দেখা গেল অন্য ছবি। সকালে ব্রিগেডের জনসভায় অভিনেতা জিতের উপস্থিতি ঘিরে এখন টলিউড থেকে রাজনৈতিক মহল- সর্বত্রই চর্চা তুঙ্গে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব পুনরুদ্ধার এবং রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের আশা প্রকাশ করে একটি বার্তা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা। সেখানে তিনি লিখেছেন, এই জয় কেবল রাজনৈতিক জয় নয়, বরং মানুষের প্রতি এক বড় অঙ্গীকার। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং শিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই যেন তাঁর এই বার্তায় সুর মেলালেন অভিনেতা। 


  প্রধানমন্ত্রীর ‘মোদী গ্যারান্টি’-র ওপর সাধারণ মানুষের যে অগাধ বিশ্বাস রয়েছে, সেই প্রসঙ্গেরও উল্লেখ রয়েছে জিতের এই পোস্টে। দীর্ঘদিন ধরে বাংলার গৌরব ম্লান হয়েছে বলে মনে করেন অভিনেতা, তা নিয়ে নিজের যন্ত্রণার কথা গোপন রাখেননি জিৎ। তাঁর কথায়, পশ্চিমবঙ্গ মেধা ও পরিশ্রমের ভূমি। সেই ভূমিকে পুনরায় ‘সোনার বাংলা’ হিসেবে দেখার স্বপ্ন দেখছেন তিনি। রাজনীতির আঙিনায় পা না রাখা এই তারকার এমন পোস্ট এবং ব্রিগেডে হাজিরা কি তবে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত? জিতের এই পদক্ষেপ টলিউডের অন্দরেও চাঞ্চল্য ছড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.