আজকের আবহাওয়া
উত্তরবঙ্গ ডুবছে, আর দক্ষিণবঙ্গতেও ভালো বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ঝোড়ো হাওয়ার দাপট ও ব্যাপক বৃষ্টির কারণে লন্ডভন্ড হয়েছে শহর কলকাতা। একাধিক জায়গায় উপড়ে গিয়েছে বহু গাছ। কোথাও বৃষ্টির জলা জমে পাল্টি খেয়েছে দু'চাকা ও তিন চাকা যান। পাশাপাশি, গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।
IMD র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।সতর্কতা: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কারণে একাধিক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে IMD জানিয়েছে, খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে এদিন বজ্রপাতের ঝুঁকি রয়েছে। এছাড়া প্রবল হাওয়ার জেরে গাছের ডাল ভেঙে পড়া, কাঁচা বাড়ি, ঝুপড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এমনকী মাঠের ফসলেরও ক্ষতি হতে পারে।
কলকাতার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
অন্যদিকে IMD-র তরফে উত্তরবঙ্গের জন্য জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
