২২ তারিখ বিজেপির স্বাস্থ্যভবন অভিযানে কি সিঁদুরে মেঘ দেখছেন মমতা
আগস্ট ২৩, ২০২৪
0
২২ তারিখ বিজেপির স্বাস্থ্যভবন অভিযানে কি সিঁদুরে মেঘ দেখছেন মমতা
আর জি কর কান্ড দ্বিধাবিভক্ত বিজেপিকে আবার ঐক্যবদ্ধ করে তুলেছে বলেই নাগরিক মহল মনে করেন। আর জি করের ওই নির্মম ঘটনায় পথে নেমে উত্তাল আন্দোলনে বিজেপি। একদিকে একজোট বিজেপি নেতৃত্ব, তার ওপর শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি বাধা দেওয়া যাবে না বলে সুপ্রিম কোর্টের নির্দেশ, দুয়ের বলে বলীয়ান হয়ে হাডকো মোড় থেকে স্বাস্থ্যভবন পৌঁছতে বিজেপি নেতাদের লাগল প্রায় ২ ঘণ্টা। বৃহস্পতিবার স্বাস্থ্যভবন অভিযান বেলা দেড়টায় শুরু হবার কথা থাকলেও শুরু হয় আড়াইটা নাগাদ। তারপরেই উত্তাল হয়ে ওঠে বিজেপি কর্মীরা।
এদিন বিজেপি কর্মীদের শরীরী ভাষায় ছিল উন্মাদনা। পুলিশ ততটা সক্রিয় হওয়ার সাহস দেখায় নি। পিএনবি হয়ে সিজিও কমপ্লেক্সের সামনে দিয়ে এগোতে থাকে বিজেপি কর্মীদের মিছিল। মিছিল ইন্দিরা ভবনের সামনে পৌঁছলে শুভেন্দু অধিকারীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। কিন্তু বিজেপির বাকি নেতা কর্মীদের আটকাতে পারেনি তারা। এর পর করুণাময়ী হয়ে সেক্টর ফাইভের দিকে একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন বিজেপি কর্মীরা। পুলিশ ও RAFকর্মীরা মাঝে কয়েকজন বিজেপি নেতাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। বেলা ৪টে ১৫ মিনিট নাগাদ স্বাস্থ্যভবন থেকে ২০০ মিটার দূরে পৌঁছে যায় বিজেপির মিছিল।
শ্লোগানে ভরে ওঠে পুরো চত্তর। কয়েক জনকে দেখা যায় পুলিশ ফ্যানের উপরে উঠেছে শ্লোগান দিচ্ছে। সেই মুহূর্তে পুলিশ প্রায় নীরব দর্শক। এদিনের মিছিলে হাজির ছিলেন রাজ্য বিজেপির তাবড় নেতা। ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপার্ধ্যায়, অর্চনা মজুমদার, অর্জুন সিং প্রমুখ। তাদের মুখে বামেদের সেই শ্লোগান -' দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।' সমীকে ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সহ বহু বিজেপি নেতা কর্মীকে শেষ পর্যন্ত পুলিশ গ্রেফতার করে। আর সেই গ্রেফতারের প্রতিবাদেই তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে শুভেন্দু ও বিজেপি রাজ্য সভাপতি জানিয়ে দেন শুক্রবার রাজ্যের সমস্ত থানার বাইরে তারা বিক্ষোভ দেখাবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন, ‘‘যেভাবে রাজ্যে একের পর এক নারী নির্যাতন, খুন ধর্ষণ অরাজকতা বিশৃঙ্খলা চলছে তারই প্রতিবাদে এবং অবশ্যই আরজি কর ইস্যুতে এবং শান্তিপূর্ণ স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের বাধার কারণেই শুক্রবার কলকাতা এবং রাজ্যের সমস্ত থানার সামনে বিজেপি বিক্ষোভ দেখাবে।’’ এবার কি কপালে ভাঁজ পড়ছে শাসক তৃণমূলের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ?
