শ্রাবণের শেষ সোমবার রাজনগরেও শিবভক্তদের ভিড়
আগস্ট ১২, ২০২৪
0
শ্রাবণের শেষ সোমবার রাজনগরেও শিবভক্তদের ভিড়
প্রতি বছরের মতো এবছরও আজ শ্রাবণ মাসের শেষ সোমবার অন্যান্য স্থানের পাশাপাশি রাজনগর এলাকাতেও শিবের মাথায় জল ঢালা ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানকে ঘিরে শিবভক্তদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো৷ এলাকার বিভিন্ন রাস্তা, মন্দির ও বিশেষ করে রাজনগর — লোকপুর/খয়রাশোল রাস্তার পাশে নাকাশ মা মঙ্গলচন্ডী মন্দির ও শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ আয়োজক ও ভক্তরা জানান, এবারও রাজনগর এলাকার বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে, খয়রাশোল সহ নিকটবর্তী ব্লকগুলি থেকে ও প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড থেকে অগণিত ভক্ত দর্শনার্থী ভিড় জমান মন্দির চত্বরে৷ মন্দিরের গেটের পাশে মন্দির কমিটি, ভক্ত ও আয়োজকদের তরফে উপস্থিত সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়৷ সেই সাথে পানীয় জলের ব্যবস্থাও ছিল৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজনগর থানার ওসি শামীম খানের নেতৃত্বে পুলিশি নজরদারি ও তৎপরতা ছিল যথেষ্ট৷ আয়োজকদের তরফে প্রবীণ নাগরিক হেলারাম সৌ বলেন, সুষ্ঠুভাবে যাবতীয় কর্মসূচি সম্পন্ন হচ্ছে৷ সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার ভক্তের সমাগম এবারও হবে৷ এমনটাই মনে করছেন তাঁরা৷ মহিলাদের উপচে পড়া ভিড় এবারও লক্ষ্য করা গিয়েছে৷ ( বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট )
