বাঁকুড়ার কোতুলপুরে মাটির বাড়ি ধসে মৃত এক, আহত আরো ৬
বাঁকুড়ার কোতুলপুরে মাটির বাড়ি ধসে মৃত্যু হল এক জনের। মৃতের নাম রুবি সিং। ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। কোতুলপুর থানার কোনারপুর গ্রামে গতকাল রাতে বৃষ্টির মাঝে মাটির দোতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কোতুলপুর থানার কোনারপুর গ্রামে নিজের মাটির বাড়িতে অন্যান্য দিনের মতোই পরিবারের অন্যান্যদের নিয়ে ঘুমোচ্ছিলেন বছর ৬৫ বয়সী রুবি সিং। গভীর রাতে বৃষ্টির মধ্যে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ভেঙে পড়া মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে যান রুবি সিং সহ পরিবারের অপর ৬ জন। ধ্বংসস্তুপ সরিয়ে তড়িঘড়ি গ্রামবাসীরা ৭ জনকেই উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রুবি সিং কে মৃত বলে ঘোষণা করেন। আহত ৬ জনকেই প্রাথমিকভাবে গোগড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩ জন আহতর অবস্থার অবনতি হলে তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
