আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত
বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষ নয় প্রতিবেশী রাজ্য সিকিম বিহারের মানুষ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল।পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা বিমানবন্দর।
নির্বাচনের পর থেকে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন সাংসদ রাজু বিস্ত।সেইমত বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য মন্ত্রীসভায় ১৫ হাজার কোটির বেশি টাকা বরাদ্দ হয়।
৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বাগডোগরা বিমানবন্দরে।এরফলে বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে।এছাড়াও বিমানবন্দরে এ-৩২১ এয়ারক্র্যাফ্ট পার্কিংয়ের জন্য নতুন ১০টি ‘পার্কিং বে’ তৈরি কর হবে। আগামী ২০ অক্টোবর এই প্রকল্পের কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নতুন টার্মিনাল প্রজেক্টের কাজ শেষ হলেই আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্থান পাবে বাগডোগরা বিমানবন্দর।এরফলে পর্যটনেও উন্নতি হবে বলে জানান সাংসদ রাজু বিস্ত। এদিন তিনি কাওয়াখালী ময়দানে সভামঞ্চ দেখতে আসেন। সেখানে তিনি একদিকে যেমন প্রধানমন্ত্রীকে এই পরিকল্পনার জন্য ধন্যবাদ জানান। ঠিক তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানান তার কারণ দীর্ঘদিন থেকে জমি সমস্যা চলছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্ট অথরিটির হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হয়েছে। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
