Type Here to Get Search Results !

কয়লাখনিতে মারাত্মক বিস্ফোরণ : বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু

 খয়রাশোলের লোকপুর থানার ভাদুলিয়ায় কয়লাখনিতে মারাত্মক বিস্ফোরণ : বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু


খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামের জিএমপিএল কোলিয়ারিতে হঠাৎ মারাত্মক বিস্ফোরণ ঘটে৷ উক্ত ঘটনার জেরে ৭ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে ও আহত হয়েছে আরও কয়েকজন৷ সংবাদ সূত্রে এমনটাই জানা গিয়েছে৷ ৭ অক্টোবর এমন মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ শোকের আবহ তৈরি হয়৷ সংবাদ সংগ্রহের সময় পর্যন্ত খবর, মৃতদের সকলে আদিবাসী পরিবার থেকে আসা শ্রমিক৷ বয়স ৩০ থেকে ৩৬ বছরের মধ্যে৷ পুজোর প্রাক্কালে খুবই মর্মান্তিক ও অপ্রত্যাশিত ঘটনা, বলছেন সাধারণ মানুষ৷ দেহগুলি ক্ষত বিক্ষত ও ছিন্ন ভিন্ন অবস্থায় খনিতে যত্রতত্র পড়েছিল৷ ইতিমধ্যে পুলিশের জেলা স্তরের আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কোম্পানী পরিবার পিছু ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে৷ মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন ১ টি করে চাকরি দেবেন৷ এমনটাও মিডিয়াকে জানিয়েছেন ওই আধিকারিক৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, কয়লার চাঁই ভাঙার জন্য জিলেটিন স্টিক ও ডিটোনেটর ব্যবহার করা হয়৷ অসাবধানতার কারণে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে৷ জেলা পুলিশ জানিয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে৷ তাঁরা এসে নমূনা সংগ্রহ করবেন৷ সূত্র মারফৎ খবর, গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড(জিএমপিএল)এর এই খনিটি৷ অন্যদিকে বিজেপির দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা মিডিয়া প্রতিনিধির কাছে খনিটিতে নানা অনিয়মের জন্য ক্ষোভ উগড়ে দেন৷ পুলিশ প্রশাসনের গাফিলতিকেও দায়ী করেন তিনি৷ এছাড়া তিনি এবিষয়ে এন আই এ তদন্তেরও দাবী তুলেছেন৷ সব মিলিয়ে ঘটনার জেরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে৷ বিষয়টি কতদূর গড়ায় সেটাই দেখার৷(বীরভূম থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.