হায়দরাবাদের পর ভারতের দ্বিতীয় বেলুন উৎক্ষেপন কেন্দ্র বীরভূমের চন্দ্রপুরে : মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়
মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম৷
হায়দরাবাদের পর ভারতের দ্বিতীয় বেলুন উৎক্ষেপন কেন্দ্র গড়ে উঠতে চলেছে বীরভূম জেলার রাজনগর ব্লকের চন্দ্রপুরে৷ মহাকাশ গবেষণার উদ্দেশ্যে ও প্রয়োজনীয় নানা তথ্য পেতে এইরূপ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলে জানা গিয়েছে৷ সম্প্রতি ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় আনুষ্ঠানিক ভাবে৷ উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় সহ বৈজ্ঞানিক ও বিশিষ্ট জনেরা৷ এমন সুসংবাদে রীতিমতো উচ্ছ্বসিত বীরভূমবাসী ও রাজনগর ব্লক এলাকার বাসিন্দারা৷ খুশি চন্দ্রপুরের মানূষজনও৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ইন্ডিয়ান সেন্টার ফর স্ফেস ফিজিক্স বা আইসিএসপি চন্দ্রপুরে প্রায় ছয় বিঘারও বেশি জায়গা জুড়ে এমন একটি কেন্দ্র গড়ে তুলতে চলেছে৷ বছর খানেকের মধ্যে সেটি গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে৷ সংস্থার ডিরেক্টর জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন৷ গবেষণা বিষয়ক নানা দিক খতিয়ে দেখে এই স্থানটিকে নির্বাচন করা হয়েছে বলেও জানান তিনি৷ বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় এই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে৷ যাতে সংশ্লিষ্ট বিষয়ে তারা দক্ষ হয়ে উঠতে পারে৷ কেন্দ্রটি গড়ে উঠলে মহাকাশ গবেষণা চর্চা ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের এবিষয়ে প্রশিক্ষণ দেবে এই সংস্থা বলে জানা গিয়েছে৷
