দিঘা থেকে ফিরে এসেই মেছুয়া বাজারে মুখ্যমন্ত্রী
তিনদিন দিঘাতে খুবই ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। ছিল প্রবল কাজের চাপ। কিন্তু দিঘা থেকে গিরে এসে কাল বিলম্ব না করে তিনি চলে যান মেছুয়া বাজারে। প্রদর্শন করেন সেই অভিশপ্ত হোটেলটি। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। বড়বাজার-জোড়াসাঁকোর একাধিক বিপজ্জনক বাড়ি প্রসঙ্গে মুখ খোলেন তিনি। অভিশপ্ত হোটেলের একাধিক বেনিয়ম নিয়েও বলেন। সঙ্গে এটাও বললেন, “আপনারা আমাকে ভোট না দিলে, না দেবেন। শুধু এটা মনে রাখবেন, আমি আপনাদের ভালর জন্যই বলছি।” উল্লেখ্য, একাধিক বিপজ্জনক বাড়ি রয়েছে কলকাতা, যেগুলো অত্যন্ত পুরনো, যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে। তাতে ইতিমধ্যেই নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু সেই বাড়ি এখনও ছাড়েননি বাসিন্দারা। সঙ্গে বড়বাজারের একাধিক বড় অগ্নিকাণ্ডের পরও এখনও মার্কেট দাহ্য পদার্থ মজুত রয়েছে, যা আগুন লাগলে বড় বিপদের কারণ হতে পারে বলে স্মরণ করালেন মুখ্যমন্ত্রী। এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। কিন্তু কে কার কথা শোনেন!
মুখ্যমন্ত্রী গেলে ভিড় জমান বড় বাজারের ব্যবসায়ী সমিতি। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “ঘরের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে রাখেন, কেমিক্যাল ঢুকিয়ে রাখেন, লোক যাওয়ার জায়গা নেই, যখন আগুন লাগছে, তখন নিজেরা পালাচ্ছেন, মারা যাচ্ছেন অন্য লোক। নন্দমার্কেটে এত কিছু হয়ে যাওয়ার পর এখনও এসব শুনতে পাই, সেখানে এখনও প্লাস্টিক মজুত করে রাখা হচ্ছে। এটা মনে রাখবেন, আমি আপনাদের ভালই চাই। এটা বলার জন্য যদি আপনি আমাকে ভোট না দেন, না দেবেন। কোনও অসুবিধা নেই। কিন্তু প্লিজ সেভ লাইফ। ” সে প্রসঙ্গে বলতে গিয়েই নন্দমার্কেটে আগুন প্রসঙ্গ উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমি যখন বিরোধী ছিলাম, নন্দমার্কেটে আগুন লেগেছিল, আমি তিন দিন রাস্তায় বসে ছিলাম। সরকারের কেউ ছিল না। আমি ক্ষমতায় এসে দমকলকেন্দ্র, থানা এখানে বানিয়ে দিই।”
