অফবিট
যমজ বোনের কীর্তি দেখে হাতবাক সরকার
যমজ বোনের এমন কীর্তি দেখে সকলেই বিস্মিত। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশে। মধ্যপ্রদেশের যমজ বোনের কীর্তিতে অবাক সোশ্যাল মিডিয়া। একই পরিচয় দিয়ে দুটি ভিন্ন সরকারি স্কুলে চাকরি। প্রায় দুই দশক শিক্ষকতা করছেন, তবে বদলির দরখাস্ত জমা দিয়েই ধরা পড়ে গেলেন দুই বোন। যমজ দুই বোন বিএ মার্কশিট থেকে শুরু করে সমস্ত নথি-কাগজপত্রে 'রেশমি' নাম ব্যবহার করছিলেন। দুটি সরকারি স্কুলে চাকরিও পেয়ে যান। ১৮ বছর ধরে একই নাম নিয়ে দু'জন শিক্ষকতা করে যাচ্ছিলেন, কেউ ঘুণাক্ষরেও টের পায়নি।
জানা যাচ্ছে, দুই বোনের প্রত্যেকেই চাকরি জীবনে ৮০ লক্ষ টাকার বেশি উপার্জন করেছেন। যার মোট অঙ্ক দেড় কোটির বেশি। সম্প্রতি দুই রেশমি বদলির জন্য দরখাস্ত জমা দিয়েছিলেন। আবেদন খতিয়ে দেখার সময়েই সন্দেহ হয় শিক্ষা দফতরের। এরপরই আসল ঘটনা সকলের সামনে আসে। শিক্ষা দফতর ইতিমধ্যেই দীপেন্দ্র সোনির স্ত্রী রেশমি এবং বিজয় সোনির স্ত্রী রেশমিকে সাসপেন্ড করেছে। দামোর জেলা শিক্ষা আধিকারিক এসকে নেমাম জানিয়েছেন, 'দুই বোনের একজন আসল নথি ব্যবহার করতেন এবং অপরজন জাল নথি নিয়ে চাকরি করছিলেন। তবে ভেরিফিকেশনের জন্য তাঁদের জমা দেওয়া নথি খতিয়ে দেখতেই অপরাধ প্রকাশ্যে আসে।'
