রবীন্দ্র জন্মদিবস পালন রাজনগরে : আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রতি বছরের মতো এবছরও জেলার অন্যান্য স্থানের পাশাপাশি রাজনগর এলাকায় ২৫ বৈশাখ রবীন্দ্র জন্ম দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়৷
এদিন সকালে তুলসী সংগীত মহাবিদ্যালয়ের উদ্যোগ, পরিচালনায় ও ব্যবস্থাপনায় রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা হয় রাজনগর লাইব্রেরি মঞ্চে৷
প্রভাতফেরি, নৃত্য, গান, প্রাসঙ্গিক বক্তব্য, কবিতার অনুষ্ঠান পরিবেশিত হয়৷ মঞ্চে হাজির ছিলেন অতিথি ও সুধীজনেরা৷ স্বাগত বক্তব্য রাখেন তুলসী সংগীত মহাবিদ্যালয়ের ব্যবস্থাপক দীনবন্ধু গরাঁই৷
অতিথিরা, সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা চন্দনা গরাঁই, অভিভাবক, শিশুশিল্পী ও রবীন্দ্র অনুরাগীরা কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন৷ সংস্কৃতিপ্রেমী মানুষদের উপস্থিতি ছিল যথেষ্ট৷
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সফিউল আলম৷ একই ভাবে রাজনগর শম্ভুবংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে, অমিতা বিদ্যানিকেতনে, ভারত পাবলিক স্কুল সহ একাধিক স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে দিনটি উদযাপন করা হয়৷ তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও দিনটি যথাযথ ভাবে পালন করা হয় বলে জানা গিয়েছে৷ বিকেল থেকে সন্ধ্যা তথা রাত্রি পর্যন্ত রবীন্দ্র জন্মদিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে রাজনগর বেসিকস্কুলের মঞ্চে এমনটাই জানান আয়োজক রূপে রেশমী দে ও সুশীল দাস৷
( বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)
