আজকের আবহাওয়া
আবার নিম্নচাপ বঙ্গোপসাগরে। আবার বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ওড়িশা উপকূল বরাবর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা আগামী ২৪ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপের রূপ নেবে। এদিকে দোসর ঘূর্ণাবর্ত। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না এ রাজ্যে।
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ ঝড়-জলের সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়াতেও। এদিন হালকা বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতেও। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। শুক্রবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে।
অন্যদিকে আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
