দীঘা সার্বজনীন পূজা কমিটির এবারের থিম 'ইস্কন মন্দির
'
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। চারিদিকে পুজো কমিটিগুলোর মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। ব্যতিক্রম নয় দিঘার বড়ো পুজোগুলো। এবার পুজোয় দিঘার পর্যটকদের জন্য থাকছে বিশেষ চমক। জগন্নাথ মন্দিরের পাশাপাশি এবার দেখা যাবে মায়াপুরের ইসকন মন্দির। দিঘা সার্বজনীন দুর্গা ও লক্ষ্মীপুজো কমিটি তাদের ৭৯-তম বর্ষে এই অভিনব থিম বেছে নিয়েছে। বাঁশ, কাঠ, কাপড়, ফাইবার-সহ নানা উপকরণে তৈরি হচ্ছে মণ্ডপ। বাজেট ধরা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। আর এখন থেকেই মণ্ডপের সামনে পর্যটকদের ভিড় চমকপ্রদ।
প্রতি বছর দিঘায় দুর্গাপুজোয় ভিড় জমান হাজারও পর্যটক। সমুদ্রতীরের এই শহরে পুজোর আবহে থাকে আলাদা মাত্রা। সেই আবহ আরও বাড়াতে এ বছর মায়াপুরের ইসকন মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। ইতিমধ্যেই প্রস্তুতি চলছে জোরকদমে। বাঁশ, কাঠ, কাপড়, ফাইবার থেকে শুরু করে নানা রকম হাতের কারুকার্যে গড়ে তোলা হচ্ছে এই মণ্ডপ। লক্ষ্য একটাই, দিঘার দর্শনার্থীরা যেন মায়াপুরের ইসকন মন্দিরের পরিবেশ অনুভব করতে পারেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা।
