আন্তর্জাতিক
'ট্রাম্প নিজেই নিজের দেশের ক্ষতি করছে' - বিশিষ্ট আমেরিকান অর্থনীতিবিদ
ট্রাম্পের নতুন শুল্কনীতি আসলে আমেরিকার ভয়ঙ্কর ক্ষতি করছে। এই বিষয়টা বোঝাতে গিয়ে বিশিষ্ট আমেরিকান অর্থনীতিবিদ বলেন - "নেপোলিয়ন বলেছিলেন, যদি তোমার শত্রু ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাহলে তাঁর পথে না যাওয়াই ভালো। ট্রাম্প সেরকম কাজই করছেন। তিনি নিজেই নিজেকে ধ্বংস করছেন।” ট্রাম্পকে খোঁচা দিয়ে এমনটাই বললেন প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ তথা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ হ্যাঙ্ক।
তিনি আরও বলেন, “আমার মনে হয়, এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের শান্ত থাকা উচিত। তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ করা উচিত নয়। কারণ, মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য নীতি দুর্বল এবং তা শীঘ্রই ভেঙে পড়বে।” হ্যাঙ্কের দাবি, আমেরিকায় বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। তার কারণ, সেদেশের নাগরিকদের ব্যয় মোট জাতীয় উৎপাদনের চেয়ে অনেক বেশি। প্রসঙ্গত, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। তাঁর কথায়, “রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর।” অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা। ট্রাম্পের এই ঘোষণার পরেই দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক।
