দিল্লি পুলিশের 'বাংলাদেশি ভাষা'কে সমর্থন করলেন বিজেপির রাজ্য সভাপতি
এই মুহূর্তে একদম জ্বলন্ত বিতর্কের বিষয় হলো 'বাংলা ভাষা' না 'বাংলাদেশি ভাষা' তা নিয়ে। সম্প্রতি লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে ‘বাংলাদেশি ভাষা’ শব্দ দুটি লেখা হয়েছে। চিঠিতে ‘বাংলাদেশি ভাষা’ উল্লেখের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “বাংলা আমাদের মাতৃভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দর ভাষা। যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান লেখা হয়েছে। যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন ও লেখেন। ভারতের সংবিধান স্বীকৃত সেই ভাষাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে।”
মুখ্যমন্ত্রীর পাশাপাশি ‘বাংলাদেশি ভাষা’-র উল্লেখের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই শব্দবন্ধকে সমর্থন জানিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন। আর পশ্চিমবঙ্গের যেকোনও বই পড়ুন। দুটো বই পড়লেই বুঝতে পারবেন, কোনটা সুবোধ সরকার লিখেছেন, আর কোনটা বাংলাদেশের কোনও সফিকুল ইসলাম লিখেছেন। তাই বাংলা ভাষায় কথা বললেই তিনি ভারতীয় হয়ে যাবেন, ভোটার লিস্টে নাম রাখতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে ভুয়ো আধার কার্ডে এখন ওরা বঙ্গভবনের মধ্যেও ঢুকে পড়েছে।” প্রশ্ন উঠেছে, দিল্লি পুলিশের শব্দ ব্যবহার নিয়ে। তা অবশ্য সযত্নে এড়িয়ে গেছেন বিজেপির রাজ্য সভাপতি।
