অফবিট
চুমুর শাস্তি ৭৬ ঘা চাবুক
এমন ঘটনাও ঘটে। প্রেমের প্রায় আপরিহার্য অঙ্গ 'চুমু'। কিন্তু তার জন্যই ৭৬ ঘা চাবুক খেতে হলো ইন্দোনেশিয়ার দুই যুবককে। প্রেমের প্রতীক সেই নিষ্পাপ চুম্বনের জেরে মৌলবাদীদের রোষানলে ইন্দোনেশিয়ার যুগল। প্রকাশ্যে ৭৬ ঘা চাবুক মারা হল দু’জনকে। ইসলামে নিষিদ্ধ সমকামী প্রেম ও চুম্বনের অপরাধে শরিয়া আইন মেনে এই শাস্তি দেওয়া হয়েছে দুই যুবককে। ইসলামিক ধর্মীয় পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দুই সমকামী যুবক একটি পার্কের শৌচাগারে একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁদের গ্রেপ্তার করা হয় এরপর শরিয়া আইন অনুযায়ী, তাঁদের প্রকাশ্যে ৮০ ঘা চাবুক মারার শাস্তি দেওয়া হয়।
পরে অবশ্য ৭৬ ঘা চাবুক ও চার মাসের কারাদণ্ড দেয় আদালত। সেইমতো গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশের এক পার্কে প্রকাশ্যে ওই যুবকদের শাস্তি দেয় পুলিশ। জানা গিয়েছে, ১০ জনের একটি দল এক নাগাড়ে ৭৬ ঘা চাবুক মারে দুই ‘অপরাধী'কে। বান্দা অঞ্চলের পুলিশ প্রধান রোজলিনা এ জলিল বলেন, গত এপ্রিল মাসে পার্কের মধ্যে যুবককে ঘনিষ্ঠ অবস্থায় দেখে এক ব্যক্তি পুলিশকে খবর দিয়েছিল। এরপর স্থানীয় পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে দু’জনকে। সেই অপরাধেই এদিন অভিযুক্তদের সাজা কার্যকর করা হয়েছে। ওই দুজন ছাড়াও মঙ্গলবার ওই পার্কে চাবুক মারা হয়েছে আরও ৮ জনকে। এদের মধ্যে তিনজন মহিলা ও ৫ জন পুরুষ।
