পুরুলিয়া রঘুনাথপুরের তাঁতি পাড়ায় মানুষের ঢল নেমেছে
শান্তিপুরের মতো পুরুলিয়ার রঘুনাথপুর তাঁতিপাড়া এখন হয়ে উঠেছে একটা অন্যতম বাণিজ্য কেন্দ্র। ওই গ্রামের প্রায় প্রতি ঘরেই এখন চলছে তাঁতশিল্প। তাঁতের শাড়ির জন্যই বিখ্যাত এই পাড়া। পুজোর আগে এই তাঁতিপাড়ায় উৎসবের আমেজ, শিল্পীদের নিপুণ স্পর্শে জমে উঠছে তাঁতের জগৎ। বছরের সারাটা দিনই এই তাঁতিপাড়ায় তাঁত বুনন চললেও, পুজোর আগে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই শিল্পপল্লি। ভোর থেকে শুরু হয়ে যায় শিল্পীদের ব্যস্ততা। সুতো বাছাই, রং মেশানো, ডিজাইন আঁকা…। প্রতিটি ধাপে মিশে থাকে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়া আর দীর্ঘ অভিজ্ঞতা। পুরো তাঁতিপাড়া জুড়ে এখন ফুটে উঠছে শারদীয়ার আগমনী বার্তা।
পুজোর আগে তাঁতের শাড়ির চাহিদা ব্যাপক। সকাল থেকেই বিভিন্ন দোকানিরা ভিড় করছে।
আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েও চললেও নিজস্বতা ধরে রেখেছে তাঁতিরা। তবে এই গল্পে আনন্দের পাশাপাশি রয়েছে কিছু হতাশার সুরও। প্রতিটি শাড়ি তৈরি করতে লাগে ঘণ্টার পর ঘণ্টা শ্রম, দক্ষতা ও মনোযোগ। কিন্তু সেই তুলনায় আর্থিকভাবে তাঁতশিল্পীরা আজও রয়ে গিয়েছেন পিছিয়ে। আধুনিক বাজারে দামের সঙ্গে টেক্কা দিতে গিয়ে অনেক সময়ই তাঁরা ঠিকঠাক পারিশ্রমিক পান না। তাই বর্তমানে তাঁত শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তাঁতিপাড়ার অনেক শিল্পী।
