হারোয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের
বুধবার সকালেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে উঃ ২৪ পরগনার হাড়োয়া গোয়ালপোতা কলোনি মোড় এলাকায়। জানা যাচ্ছে, মাছবোঝাই ম্যাক্স গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুটি আরোহী যুবকের। হাড়োয়া গোয়ালপোতা কলোনি মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ওই ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, হাড়োয়া রাজারহাট রোড ধরে রাজারহাটের দিক থেকে একটি স্কুটি হাড়োয়ার দিকে আসছিল। অন্যদিকে মাছবোঝাই একটি ম্যাক্স গাড়ি হাড়োয়ার দিক থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। গোয়ালপোতা কলোনি মোড় সংলগ্ন এলাকায় যেতেই ওই স্কুটি এবং ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
মাছবোঝাই গাড়িটি স্কুটিতে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। সেই ধাক্কার জেরে স্কুটি আরোহী যুবক রাস্তার ধারে ছিটকে পড়েন। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দ্রুত হাড়োয়া থানায় খবর দেন। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
