বাঙালি এই লজ্জা রাখবে কোথায়?
'দাগি' বিশেষণটা এতকাল চোর বা ডাকাত সম্পর্কেই প্রযোজ্য ছিল। এবার শাসক দলের সৌজন্যে তা শিক্ষক সম্পর্কে প্রয়োগ করা হচ্ছে - এটা বাঙালি হিসাবে আমাদের লজ্জা। আর সেই দাগি শিক্ষকের একটা অংশ শাসক দলের লোকজন। বিশেষ করে শিরোনামে উঠে এসেছে দুই বিধায়ক হামিদুর রহমান ও নির্মল ঘোষের নাম। অধিবেশনের ফাঁকেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে দুই বিধায়কই গা বাঁচানোর ঢংয়ে জবাব দেন।
আদালতের নির্দেশ মেনে এসএসসি সম্প্রতি ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেল থেকে ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করে। এই তালিকাতেই উঠে এসেছে নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা সরকারের নাম। পাশাপাশি, চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের কন্যা রোশনারা বেগমের নামও রয়েছে। বিধানসভায় অস্বস্তির মুখে সাংবাদিকদের নির্মল ঘোষের প্রতিক্রিয়া, “এ নিয়ে বিশেষ কিছু বলার নেই। সবটাই আদালতের নির্দেশে হয়েছে। আদালতই ঠিক করবে সত্য-মিথ্যা কী। আইন আইনের পথে চলবে।” বিধায়ক হামিদুর আবার দায় এড়িয়ে বলেন, “এ বিষয়ে যা বলার মেয়ের শ্বশুরবাড়ির লোক বলবেন। যা করার করবেন জামাই ও তাঁর পিতা।” স্বাভাবিক কারণেই লজ্জায় মুখ ঢাকার চেষ্টা করেছেন দুই বিধায়ক। লজ্জা আমাদেরও। লজ্জা সমস্ত বাঙালি জাতির।
