Type Here to Get Search Results !

ভয়ঙ্কর ভূমিধসে সুদানের আস্ত একটা গ্রাম মাটির তলায় - মৃত্যু অন্তত ১ হাজার জনের


 ভয়ঙ্কর ভূমিধসে সুদানের আস্ত একটা গ্রাম মাটির তলায় - মৃত্যু অন্তত ১ হাজার জনের 


  আফ্রিকার বিভিন্ন অংশে বার বার করে নেমে আসছে প্রাকৃতিক বিপর্যয়। কখনো বন্যা, কখনো খরা আর এবার সুদনে ভূমিধস। পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে একটি পাহাড়ি গ্রাম ধসের জেরে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘটনায় এক হাজার জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট। গ্রামের মাত্র একজন বাসিন্দা কপালজোরে প্রাণে বেঁচেছেন। সুদানের বিদ্রোহী গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে অতিভারী বৃষ্টির পর গত ৩১ আগস্ট ধস নামে মারা মাউন্টেনস এলাকার তারাসিন নামে ওই গ্রামে। দুর্ঘটনার পর গোটা গ্রামকে গিলে নেয় মৃত্যু। 


  পরে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ধসের জেরে মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে দ্য সুদান লিবারেশন মুভমেন্ট। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে গৃহযুদ্ধে উত্তপ্ত সুদান। ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছেন দেশটির সশস্ত্র বাহিনীরই দুই জেনারেল- আবদেল আল ফতা আল বুরহান ও জেনারেল মহম্মদ হামদান দাগালো। প্রথম জন সুদানের সেনাপ্রধান এবং ২০১৯ থেকে দেশের সর্বোচ্চ শাসনব্যবস্থার জন্য ভারপ্রাপ্ত কাউন্সিলের প্রধান। দ্বিতীয় জন দেশের আধাসামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্স’ (আরএসএফ)-এর প্রধান তথা কাউন্সিলের অন্যতম সদস্য।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.