আবার প্রবল ভূমিকম্প রাশিয়ায় - সুনামির প্রবল সম্ভাবনা
রাশিয়ার কামচটকাতে প্রবল ভূমিকম্প। বৃহস্পতিবার গভীর রাতে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। এই ভূমিকম্পের পরই একের পর এক আফটারশক অনুভূত হয়। সবথেকে জোরাল আফটারশক ছিল ৫.৮ মাত্রার। এরপরই মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস সুনামির সতর্কতা জারি করে। রাশিয়ার পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়াই, আলাস্কা ও জাপানের উপকূলবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি হয়েছে।
রাশিয়ার মন্ত্রী ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। জরুরি সমস্ত পরিষেবা প্রস্তুত রাখা হচ্ছে। এর আগে, গত সপ্তাহেও রাশিয়ার কামচাটকাতেই শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। তার আগে চলতি বছরের গত ২৯ জুলাই কামচাটকা উপকূলেই আরেকটি ভমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৮.৮।
