আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টি বিক্ষিপ্তভাবে হয়েই চলেছে। সকালের দিকে মেঘলা আকাশ। বেলা বাড়লে কখনো রোদ আবার কখনো মেঘ। সন্ধ্যায় কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে।
একের পর এক নিম্নচাপ, যার জেরে বৃষ্টি চলছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও বিক্ষিপ্ত ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। হাওয়া অফিস বলছে সাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ না থাকলেও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। গতকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ এবং আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কিছুটা কম থাকলেও বিক্ষিপ্তভাবে চলবে। তবে সোমবার দক্ষিণে ফের বাড়বে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে সমস্ত জেলাগুলিতে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া সহ সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। তবে কম-বেশি বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরম বজায় থাকবে। সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে ঝড়-বৃষ্টি হবে আজও। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির অধিক সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
