আবার ট্রাম্পের নোবেল ভিক্ষা
ট্রাম্প অনেকটা 'গাঁয়ে মানেনা আপনি মোড়ল' এর মতো আচরণ করছেন। নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। কিন্তু তা-ও থামার লক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফের ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব চাইলেন তিনি। শুধু তাই নয়, আবার নোবেল ভিক্ষাও করলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, “ভারত-পাকিস্তান-সহ মোট ৭টি দেশের যুদ্ধ থামিয়েছি। আমার নোবেল পাওয়া উচিত।” শনিবার ট্রাম্প বলেন, “আমাকে বলা হয়েছে, যদি আমি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারি, তাহলে আমাকে নোবেল দেওয়া হবে। আমি জানিয়েছি, বাকি সাতটা যুদ্ধের কী হবে? বিশ্বে সাতটা যুদ্ধ আমি থামিয়েছি। প্রত্যেকটির জন্য একটি করে নোবেল পাওয়া উচিত আমার।”
তিনি আরও বলেন, “বাণিজ্য অস্ত্র ব্যবহার করে ভারত- পাকিস্তানের মধ্যে আমি যুদ্ধ থামিয়েছি। ভারত-পাক ছাড়াও থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো- সার্বিয়া, ইজরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রাওয়ান্ডা- কঙ্গোর মধ্যে আমি যুদ্ধ থামিয়েছি। ৬০ শতাংশ ক্ষেত্রেই বাণিজ্য অন্ত্র ব্যবহার করা হয়েছিল।” ট্রাম্পের সংযোজন, “আমি ভেবেছিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধান করা সহজ হবে। কারণ, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ভালো সম্পর্ক। কিন্তু তাঁর উপর আমি হতাশ। তবে কোনও না কোনও উপায়ে আমরা দু’দেশের সংঘাতে ইতি টানব।”
