বুধবার একগুচ্ছ পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
একথা স্বীকার করতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পুজোকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। মহালয়ার আগের থেকেই তিনি পুজোর ফিতে কাটা শুরু করেন। এবারও তাই হয়েছে। বুধবার জল কিছুটা কমার পরেই শুরু হয়ে যায় তাঁর পুজো উদ্বোধন। বালিগঞ্জের দুই বিখ্যাত পুজো একডালিয়া এভারগ্রিন ও সিংহী পার্ক একেবারে মুখোমুখি। দুয়েরই বিশেষ আকর্ষণ সাবেকিয়ানা। বুধবার দুপুরে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক দেবাশিস কুমার-সহ পুজো উদ্যোক্তারা। একডালিয়া এভারগ্রিনের পুজো প্রয়াত মন্ত্রী তথা তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। এদিন সেই পুজোর সূচনায় প্রিয় 'সুব্রতদা'কে স্মরণ করে আবেগে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী দেবীকে পাশে নিয়ে মমতা বললেন, ''সুব্রতদার কথা খুব মনে পড়ে আমার। তাঁর একটা ছবি আছে আমার কাছে। সেটা দেখলেই আমার চোখে জল আসে। সুব্রতদা অকালপ্রয়াত। এটা হওয়ার কথা ছিল না।''
একডালিয়া এভারগ্রিনের পর উলটোদিকে সিংহী পার্কের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এখানকার দশভুজা একচালার, সাবেকি। প্রদীপ প্রজ্জ্বলন, পুষ্প অর্পণ করেন। তৃতীয়াতেই এই পুজোমণ্ডপ খুলে দিলেন দর্শনার্থীদের জন্য। বালিগঞ্জ কালচারাল ক্লাবের পুজোর উদ্বোধন হয়ে গেল বুধবার। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার, সাংসদ মালা রায়। এখানকার মণ্ডপে হালকা রঙের আধিক্য, ছিমছাম। দশভুজা এখানে উপবিষ্ট। বালিগঞ্জের তিনটি পুজো উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী চলে শহরের আরেক নামী পুজো ত্রিধারা সম্মিলনীতে। সেখানে তাঁর সঙ্গে দেখা গেল দেবাশিস কুমারের কন্যা, নৃত্যশিল্পী- অভিনেত্রী দেবলীনা কুমারকে।
ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে প্রাচীনত্বের ছাপ। সেই রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। তার গাত্রবর্ণ কালচে। শিল্পীর চোখে দেখা দশভুজার অন্য রূপ এখানকার মূল আকর্ষণ। দক্ষিণ কলকাতার আরেক বিখ্যাত পুজো সমাজসেবী সংঘ। বুধবার সেখানকার দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে স্থানীয় বিধায়ক, কাউন্সিলর ছাড়াও ছিলেন মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বসু। চক্রবেড়িয়া সর্বজনীনের পুজোর এবারের থিম - কুপ্রথা বন্ধ হোক। মণ্ডপ ও প্রতিমাসজ্জায় সেই বার্তা। গোটা মণ্ডপটিতে আলো-আঁধারির খেলা। কূপমণ্ডুকতা থেকে বেরিয়ে আসার বার্তা। বুধবার মণ্ডপ দর্শন করে তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
