আবার অন্ধ্রপ্রদেশে ট্রেনে আগুন - এখন পর্যন্ত মৃত্যু একজনের
আবার আগুন। আগুন ভারতীয় রেলে। আগুন যেন ছাড়ছেই না ভারতীয় রেলকে।
ঘটনাটি ঘটে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে। দু’টি কোচ একেবারে আগুনের গ্রাসে চলে যায়। জানা গিয়েছে, দুই কোচ মিলিয়ে মোট ১৫৮জন যাত্রী ছিলেন। ইতিমধ্যেই তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে এখনও মৃতের সংখ্যা বাড়েনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে। এই এলাকাটি বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত পৌনে একটা নাগাদ আগুন লাগার খবর আসে তাঁদের কাছে। প্যান্ট্রি কারের ঠিক পাশেই থাকা বি১ এবং এম২ কোচে দাউদাউ করে আগুন ধরে যায়। দুই বাতানুকূল কামরায় মোট যাত্রী সংখ্যা ছিল ১৫৮ জন।
রেল সূত্রে জানা গেছে, লোকো পাইলটদের চোখে পড়ে দুই কামরায় আগুন ধরেছে। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কোনওমতে তাঁদের কামরা থেকে নামিয়ে আনা হয়। স্থানীয় দমকলবাহিনির সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হলেও শেষ পর্যন্ত দু’টি কামরাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। যাত্রীদের উদ্ধার করা গেলেও তাঁদের যাবতীয় জিনিসপত্র চলে গিয়েছে আগুনের গ্রাসে। জিনিসপত্র হারিয়ে বড়ো অসহায় তারা। আগুন নেভানোর পর বি১ কামরা থেকে এক বৃদ্ধের দগ্ধ দেহ উদ্ধার হয়। ৭০ বছর বয়সি ওই বৃদ্ধের নাম চন্দ্রশেখর সুন্দর। তিনি বিজয়ওয়াড়ার বাসিন্দা। দাউদাউ আগুনে জ্বলতে থাকা কামরা থেকে তিনি বেরতে পারেননি।
.jpeg)