মাটির তলা থেকে ওঠা অদ্ভুত শব্দে শঙ্কিত গ্রামবাসীরা
মাটির তলা থেকে মাঝে মাঝেই অদ্ভুত সব শব্দ পাচ্ছে এলাকার মানুষ। কিছুটা হলেও অনেকেই ভীত। কেউই বুঝে উঠতে পারছে না কি ব্যাপার! ঘটনাটি কাকদ্বীপের। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফলে ওই জায়গাটি ঘিরে রেখেছে প্রশাসন। ঘটনাটি ঠিক কি তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের উত্তর চন্দননগর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই জায়গা থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস ও বের হয়েছে। আধিকারিকদের অনুমান, মাটির তলায় গ্যাস জমে থাকার কারণে এই শব্দ শোনা যেতে পারে। ওই এলাকার কাছেই নদী আছে, সেক্ষেত্রে জলের স্রোতও বইতে পারে মাটির তলা দিয়ে। সে ক্ষেত্রে এরকম আওয়াজ হতে পারে। আরও একটি কারণ হতে পারে যে মাটির তলা থেকে কোনও বিষাক্ত গ্যাস ঠেলে উপরের দিকে ওঠার চেষ্টা করছে।
ঘটনা যাই হোক তা যে যথেষ্ট উদ্বেগের তা বলার অপেক্ষা রাখে না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় আগে ওএনজিসি ড্রিলিং করত। সেই সময় তৈরি হওয়া গর্ত মাটির তলায় থেকে গিয়েছে। আগে এখানে মাটির তলায় গ্যাস খোঁজার চেষ্টা হয়েছিল। তারপর কি এবার সুন্দরবনে তেল বা প্রাকৃতিক গ্যাসের কোনও উৎস মিলতে চলেছে, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এখানে যদি তেল বা গ্যাসের উৎস পাওয়া যায়, তাহলে তো সুন্দরবনের গুরুত্ব আরও বেড়ে যাবে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। তারা একটি দল পাঠিয়ে জায়গাটি পরিদর্শন করবে বলে ঠিক করেছে।
