ঢাকা কি ধীরে ধীরে বিস্ফোরকের বধ্যভূমি হয়ে উঠছে?
সাম্প্রতিক কিছু ঘটনাতে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এবার মাদ্রাসার আড়ালে জঙ্গিঘাঁটি।
বাংলাদেশের রাজধানী ঢাকার কেরানিগঞ্জ থানার এক মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে নারী ও শিশু-সহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদ্রাসাটির একতলা ভবনের বেশ কয়েকটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থল থেকে ককটেল, কেমিক্যাল জাতীয় দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানিগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
মুহূর্তের মধ্যে ভবনের চারপাশের দেয়াল উড়ে যায়। বিস্ফোরণে একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। পাশের আরও দুটি কক্ষেও ফাটল ধরেছে। এ ছাড়া সংলগ্ন একটি ভবনের দেয়াল ও জানালাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদ্রাসাটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসা বন্ধ ছিল। তাই প্রাণহানির ঘটনা ঘটেনি। বিস্ফোরণে মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাঁদের দুই ছেলে উমায়েত (১০) ও আবদুল্লা (৭) আহত হয়। আহতদের মধ্যে স্ত্রী ও দুই সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
.jpeg)