'উন্নয়নের সংলাপ' শ্লোগান হাতে নিয়েই ২০২৬ নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চলেছেন অভিষেক
নির্বাচন আর হাতে গোনা কয়েকটা সপ্তাহ। ইতিমধ্যে ভোট-পূর্ব উত্তেজনা শুরু হয়ে গেছে। ময়দানে প্রধানত বিজেপি ও তৃণমূল। এবার সরাসরি ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হাতিয়ার তৃণমূল সরকারের ১৫ বছরের উন্নয়নের তালিকা, যার পোষাকি নাম দিয়েছেন -'উন্নয়নের সংলাপ'। এই কর্মসূচিতে মমতার দূত হিসাবেই ঘরে ঘরে যাবেন তৃণমূল নেতারা। তাঁরাই তুলে ধরবেন মমতার জমানায় কাজের খতিয়ান। পয়লা জানুয়ারি থেকেই এই কর্মসূচি শুরু হবে।
শুধু তা-ই নয়, ভোটমুখী বাংলায় দলের স্লোগানও বেঁধে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। দলীয় বৈঠকে তিনি জানিয়েছেন, এ বার দলের স্লোগান হবে ‘মানবে হার, আবার তৃণমূল সরকার’। ঘটনাচক্রে, দিন কয়েক আগেই নদিয়ার তাহেরপুরে সভায় ফোন-বক্তৃতায় বিজেপির স্লোগান বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তাঁর স্লোগান, ‘বাঁচতে চাই, বিজেপি তাই’। এবছরটা বেশ শ্লোগানে শ্লোগানে নির্বাচন চলবে।
মোদির এই স্লোগান নিয়েও কটাক্ষ করেছেন অভিষেক। বলেছেন, “প্রধানমন্ত্রী আসলে বলতে চেয়েছেন, আত্মসমর্পণ করে বিজেপিতে যোগ দিন। নইলে ছাড়ব না। কিন্তু এ সব করে কিছু হবে না। মা মাটি মানুষেরই সরকার জিতবে। আমরা বলছি, ‘বাঁচতে চাই, বিজেপি বাই।” জানুয়ারি মাসেই অভিষেক নিজে জেলা সফর শুরু করবেন বলে খবর তৃণমূল সূত্রে। তার আগে শুক্রবার সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সেনাপতি। সেই বৈঠকে নতুন কর্মসূচির ঘোষণা করে নীল নকশা তৈরি করে দিলেন তিনি। অভিষেক জানিয়ে দিয়েছেন, প্রতিটি বিধানসভায় তিনটি দল কাজ করবে। প্রতিটি দলে ৫-১০ জন করে সদস্য থাকবেন।
