সম্পাদকীয়
তৃণমূল এখন সম্মুখ সমরে নির্বাচন কমিশনের
নির্বাচন কমিশনকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে কথা তিনি স্পষ্ট করলেন তৃণমূলের বি এল ওদের নিয়ে ভার্চুয়াল মিটিংয়ে। রবিবার দলের এক লক্ষের বেশি বিএলও এর সঙ্গে তিনি বৈঠক করেন। আর সেখানে এসআইআর প্রক্রিয়ায় তৃণমূলের বিএলএ-দের কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন। একইসঙ্গে এসআইআর-র হিয়ারিং নিয়ে দলের বিএলএ-২’দের বড় বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানিয়ে দিলেন, এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না। হিয়ারিং প্রক্রিয়ায় উপস্থিত থাকতে হবে। কমিশন আপত্তি জানালে লিখিত কাগজ দেখতে চাওয়ার জন্য বিএলএ-দের বার্তা দিলেন অভিষেক। এদিন বিএলএ-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রথমে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বিএলএ-দের প্রশংসা করে তিনি বলেন, “আপনারা ভাল কাজ করছেন, কঠোর পরিশ্রম করছেন। এরকমভাবেই কাজ করুন। সাধারণ মানুষকে সাহায্য করুন।”
কোনও বৈধ ভোটারের নাম যাতে এসআইআর তালিকা থেকে বাদ না যায়, সেদিকে নজর রাখতে বিএলএ-দের বার্তা দেন। এরপর অভিষেকও তাঁর বক্তব্যের প্রথমেই বিএলএ ও এসআইআর প্রক্রিয়ায় যুক্ত দলের প্রত্যেকের প্রশংসা করেন। বলেন, “আপনাদের জন্যই বিজেপি তাদের পরিকল্পনায় সফল হয়নি। বিজেপির দিল্লির নেতারা বাংলাকে ভাতে মারতে চেয়েছে। বিজেপির বাংলার নেতারা এক কোটি নাম বাদ দিতে হবে বলেছিল।” বিএলএ-২’দের প্রশংসা করে তিনি বলেন, “৩০-৩২ হাজার বিএলএ-২’দের আমি ফোন করেছি। এসআইআর-এ সবচেয়ে কম নাম বাদ গিয়েছে বাংলায়। যে কোনও সামারি রিভিশনে এই সংখ্যক নাম বাদ যায়। আমাদের আরও ছয় সপ্তাহ লড়াই চালাতে হবে।” তিনি ডাক দেন এবার প্রয়োজনে সম্মুখ সমরে যোগ দিতে হবে।
