আওয়ামীলিগকে রক্ষা করবে বিএনপি
এবার বাংলাদেশে একটা শান্তির পরিবেশ তৈরী হতে চলেছে বলেই অনেকে মনে করেন। যেভাবে বিএনপির মহা সচিবের মুখে শান্তির কথা শোনা গেল তা যথেষ্ট আশাব্যাঞ্জক। রাজনীতিতে এই দুই দল প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবেই পরিচিত। সেই দলের মুখেই কি না বন্ধুত্বের কথা, সুরক্ষার আশ্বাস? বাংলাদেশে নির্বাচনের (Bangladesh Election) আগে এই কথাই শোনা গেল। আওয়ামী লিগের (Awami League) কর্মীদের সুরক্ষার কথা বললেন বিএনপি(BNP)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারে গিয়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রতিপক্ষ আওয়ামী লিগের কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে বললেন, “যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেব না।” এভাবেই বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে হবে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠ হয়, সেই আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেছেন, “গত ১৫ বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেননি। সে সময় আগের রাতেই ভোট হয়ে গেছে। এখন একটা সুযোগ এসেছে।” শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের হাসিনা আপা ভারতে চলে গিয়েছেন। তিনি ভারতে গিয়েছেন, ভালো করেছেন। কিন্তু এলাকার সমর্থক-কর্মীদের বিপদে ফেলে গিয়েছেন কেন? আমরা কর্মী-সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে পড়বেন না। আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না।”নিজের প্রচারে বিএনপি প্রার্থী বলেন, “আমি কিন্তু আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই। এই এলাকা থেকে নির্বাচন করে আমি কখনো জিতেছি, কখনো হেরেছি। যখন হেরেছি, তখন কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আমার বয়স ৭৮ হয়ে গিয়েছে। কিন্তু মনের দিক থেকে এখনও তরুণ আছি। আমি বিশ্বাস করি, এখনও অনেক কাজ করতে পারব। সুযোগ পেলে এলাকার সমস্যার সমাধান করতে পারব।”
