মেট্রোয় আসছে রিটার্ন টিকিট! লোকালের মতোই যাতায়াত, পরীক্ষামূলকভাবে শুরু
কলকাতা মেট্রোয় যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। লোকাল ট্রেনের মতোই এবার মেট্রোতেও চালু হতে চলেছে রিটার্ন টিকিট। মেট্রো সূত্রে জানা গিয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। পরীক্ষায় সাফল্য মিললে ভবিষ্যতে স্থায়ীভাবেই পাতাল রেলে রিটার্ন টিকিটের সুবিধা চালু হবে।
মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, রিটার্ন টিকিট কাটার পর যাত্রীরা এন্ট্রি গেটে স্ক্যান করে যাতায়াত করতে পারবেন। ফিরতি যাত্রার সময় আলাদা করে টিকিট কাউন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। যে স্টেশন থেকে ফিরবেন, সেখানকার এন্ট্রি গেটেই টিকিট স্ক্যান করেই যাতায়াত করা যাবে। তবে রিটার্ন জার্নির জন্য যাত্রীদের অবশ্যই টিকিটটি সংরক্ষণ করে রাখতে হবে।
মেট্রো কর্তৃপক্ষের মতে, এই ব্যবস্থায় সময় বাঁচবে, টিকিট কাউন্টারে ভিড় কমবে এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। লোকাল ট্রেনের মতো এই সুবিধা চালু হলে মেট্রো সফর আরও যাত্রীবান্ধব হবে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা।
