বিনোদন
বরানগরের বিধায়ক সায়ন্তীকার উদ্যোগে বরানগরের মানুষ পেলো রাস্তার নতুন নাম -'বিবেকানন্দ সরনি'
১২ জানুয়ারী রাজ্য জুড়ে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী। সারা বাংলার মানুষ নানাভাবে স্মরণ করেছে স্বামীজীকে। সেই উপলক্ষেই বরানগরের মানুষ পেলেন স্বামীজীর নামে নতুন রাস্তা। বরাহনগরের এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানকার একটি রাস্তা স্বামীজির নামে পরিবর্তন করার আর্জি জানাচ্ছিলেন। সেই কথাই এবার রাখলেন অভিনেত্রী তথা বিধায়ক। গত বছর রুক্মিণী মৈত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন যাতে স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী দাসীর নামে বিনোদিনী থিয়েটার করা যায়। সেই কথা রাখা হয়েছিল। এবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বদলাল বরাহনগরের এই রাস্তার নাম।
সেই ঘটনার কথা জানিয়ে সায়ন্তিকা সমাজমাধ্যমে লেখেন, 'বরানগরের তাঁতিপাড়া থেকে আলমবাজার মোড় পর্যন্ত রাস্তাটি স্বামী বিবেকানন্দের নামে নামাঙ্কিত করার জন্য দীর্ঘদিনের দাবি ছিল এলাকার সাধারণ মানুষের। সেই ইচ্ছে পূরণ করতেই তাদের দাবিটুকু তুলে ধরেছিলাম বিধানসভায়। অবশেষে রাজ্য সরকারের বদান্যতায় ও বরানগর পৌরসভার সহযোগিতায় দেশবন্ধু রোডের উপরিউক্ত অংশটুকু আজকের এই বিশেষ দিন থেকে ‘বিবেকানন্দ সরণি’ নামে পরিচিত হল।' প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী। তিনি এদিন রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তাঁর আবেদন রাখার জন্য। একই সঙ্গে আরও একটি আপডেট দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান স্বামীজির ১৬৩ তম জন্মবার্ষিকীতে পুনর্নির্মাণ করা হয়েছে আলমবাজারের রামকৃষ্ণ মঠ। এই কথাগুলোর সঙ্গে তিনি দুটো ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সেই রাস্তার নতুন নামের ফলক। এবং রামকৃষ্ণ মঠের অনুষ্ঠানে তাঁকে ধন্যবাদ জানানোর একটি ক্লিপ।
