আজকের আবহাওয়া
হঠাৎই তাপমাত্রা কিছুটা উর্দ্ধেমুখী। ফলে শীত অনেকটা কমেছে। মাঘের শুরুতে ঠান্ডা কমেছে দুই বঙ্গেই। তবে আবার কিছুটা শীতের পতন হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর বলছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। তবে আশার খবর হল, আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার অর্থাৎ রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। কিন্তু পরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। রাজ্যে আচমকাই এমন শীতের মেজাজ বিগড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ শীতপ্রেমীদের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রা বাড়ার নেপথ্যে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে বৃহস্পতিবার। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার আসবে। এদিকে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে ফুঁসছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বেড়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশা থাকবে সকালের দিকে। ঘন কুয়াশার সম্ভাবনায় হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় সতর্কতা জারি রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে গত কয়েকদিনে। কুয়াশার দাপটও বেড়েছে একইসাথে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনায় সতর্কতা। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। আবহাওয়া অফিস বলছে, রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। সর্বোচ্চ ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস।
