রাজনীতির ময়দানে এবার শুভেন্দুর ভাইপো দেবদীপ
রাজনীতিতে নন্দীগ্রাম মানেই ছিল অধিকারী পরিবার। এবার আরো একজন সংযোজন হলো।
দেবদীপ অধিকারীর রাজনীতি শুরু হলো মকর সংক্রান্তির দিন প্রসাদ বিতরণের মাধ্যমে। বুধবার স্থানীয় গাংড়াচরের মন্দিরে মকর সংক্রান্তির পুজোর পর প্রসাদ বিতরণে নিজের প্রতিনিধি হিসাবে ভাইপোকে শামিল করলেন বিরোধী দলনেতা ও স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। ভাইপোর রাজনীতিতে অভিষেকপর্বে এভাবেই শুভেন্দু তাকে জনতার মুখোমুখি হাজির করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও প্রসাদ বিতরণের সঙ্গে রাজনীতি কোনও যোগ নেই বলে দাবি বিজেপি নেতৃত্বের। অন্যদিকে নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের প্রতিক্রিয়া, “আসলে শুভেন্দু অধিকারী ভাইপো আতঙ্কে ভুগছেন। তাই নিজের ভাইপোকে নন্দীগ্রামে পাঠিয়ে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছেন।”
এদিকে আজ বৃহস্পতিবার অভিষেকের 'সেবাশ্রয়' প্রকল্প চালু হওয়ার কথা নন্দীগ্রামে। সেই মুহূর্তে বিজেপির এই নতুন সদস্য চিন্তায় ফেলবে তৃণমূলকে। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর বড় ভাই কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে হলেন দেবদীপ। বয়সে তরুণ। আইনের ছাত্র। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় সক্রিয় রাজনীতিতে না থাকলেও নন্দীগ্রামের গাংড়াচরে মকর সংক্রান্তি উপলক্ষে খিচুড়ি ভোগ বিতরণ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। রাজনীতি তার পছন্দের বিষয়। মেজ কাকা অর্থাৎ শুভেন্দু অধিকারীর খুব কাছের মানুষ দেবদীপ। ছোট থেকেই মেজ কাকাকে অনুসরণ করে আসছেন দেবদীপ। সাধারণত নন্দীগ্রামের কোনও কর্মসূচিতে যেতে না পারলে এতদিন শুভেন্দু তাঁর সেজ ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকে পাঠাতেন। কিন্তু বুধবার এই প্রথম নন্দীগ্রামে মেজ কাকার প্রতিনিধিত্ব করতে দেখা গেল দেবদীপকে।
