কুনো জাতীয় উদ্যানে জেমিনির তিন শাবকের জন্ম, ভারতে চিতার সংখ্যা ৩৮-এ উন্নীত
মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা জেমিনি দ্বিতীয়বার মা হয়েছে। তিনটি সুস্থ শাবকের জন্মের ফলে ভারতে বেঁচে থাকা চিতার সংখ্যা বেড়ে ৩৮-এ পৌঁছেছে। পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করে জানান, ভারতে জন্মগ্রহণ করে বেঁচে থাকা চিতার সংখ্যা এখন ২৭।প্রজেক্ট চিতার অধীনে ২০২২-২৩ সালে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চিতা ভারতে আমদানি করা হয়। কুনো উদ্যানে রাখা এই চিতাদের মধ্যে জেমিনির এই দ্বিতীয় সফল প্রজনন। মন্ত্রী বলেন, প্রতিটি সফল জন্ম প্রকল্প চিতাকে শক্তিশালী করে তুলছে। এটি কুনোতে চিতা-জন্মের নবম সাফল্য। ভারত থেকে ১৯৫০-এর দশকে বিলুপ্ত চিতাকে পুনর্বাসনের এই উদ্যোগ দেশব্যাপী প্রশংসিত।
