আর মাত্র কিছু সময় পরে কয়েক ঘন্টার জন্য অমিত শাহ আসছেন মায়াপুরে
না, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নির্বাচনী অনুষ্ঠান নয়। এটা তাঁর ধৰ্মীয় অনুষ্ঠান। খবরে প্রকাশ, মায়াপুরের ইসকনের শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্ম উৎসবে যোগ দেবেন অমিত শাহ। এদিন দুপুর নাগাদ তিনি এসে পৌঁছবেন কলকাতা বিমান বন্দরে। এরপর কপ্টারে করে তিনি রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে। সূচি অনুযায়ী দুপুর ২.২৫ নাগাদ মায়াপুরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর হেলিপ্যাড থেকে গল্ফ কার্টে চড়ে মন্দির চত্বরে যাবেন শাহ। এই গাড়িতে চড়ার সময় রাস্তার দু'পাশে নাম সংকীর্তনের আয়োজন করা হচ্ছে বলে সূত্রের দাবি। মন্দির পৌঁছনোর পর শাহকে ৫ মিনিটের অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হবে। সূত্রের দাবি, প্রথমে ইসকনের শঙ্খভবনে যেতে পারেন তিনি। এরপর সেখান থেকে যাবেন পদ্মভবনে। মায়াপুরে মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর আগে ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত প্রভুপাদের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শাহ।
এরপর একে একে নরসিংহ পূজন, চৈতন্য মহাপ্রভু ও পঞ্চতন্ত্র পূজন এবং রাধামাধব ও অষ্টসখী পূজনেও মোদীর ডেপুটি অংশ নিতে পারেন বলে মায়াপুর মন্দির সূত্রে খবর। বেলা ৩ টে নাগাদ মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর কথা রয়েছে শাহের। সেখানে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবন, দর্শন ও বিশ্বব্যাপী আধ্যাত্মিক অবদানের উপর বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যক্তিরা। অমিত শাহও ওই মঞ্চে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য এবং সমকালীন সমাজে সনাতন মূল্যবোধের প্রাসঙ্গিকতার দিকটি নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে পারেন বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে। এরপর বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ হেলিকপ্টারে চড়ে মায়াপুর থেকে কলকাতা এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
.jpeg)