‘বাংলার বাড়ি’ নথি চলবে না: তৃণমূলের তীব্র প্রতিবাদ, কমিশনকে ‘বিজেপির দলদাস’ বলে কুণাল
নির্বাচন কমিশনের ‘বাংলার বাড়ি’ ও ইন্দিরা আবাস যোজনার নথি ভোটার যাচাইয়ে অগ্রহণযোগ্য ঘোষণায় তৃণমূল কংগ্রেস গর্জে উঠেছে। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কমিশনকে তোপ দেগে বলেন, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বৈধ ভোটার বাদ দেওয়ার পিছনের দরজার চক্রান্ত।
চন্দ্রিমা ভট্টাচার্য প্রথমে কথা বলে বলেন, “২১ জানুয়ারি ইলেক্টোরাল অফিসার শুনানিতে জিজ্ঞাসা করেছে, বাংলার বাড়ি বা ইন্দিরা আবাসের নথি গ্রহণযোগ্য কি না। শুনানি শেষ হওয়ার পর ১৬ ফেব্রুয়ারি কমিশন বলছে চলবে না। কেন চলবে না? সুপ্রিম কোর্ট এগুলোকে মান্যতা দিয়েছে। কমিশন দেশের শীর্ষ আদালত অমান্য করছে। বাংলার বাড়ির টাকা পায় যারা, তারা বৈধ জমির মালিক, বৈধ ভোটার। শুধু বাংলার মানুষকে অসুবিধায় ফেলতে এসব করা হচ্ছে।” তিনি আরও বলেন, “এটা অনৈতিক, অবৈধ। বিজেপির নির্বাচিত কমিশন নিজেদের স্বার্থে বৈধ ভোটার কাটছে।”
কুণাল ঘোষ চন্দ্রিমার কথার সূত্র ধরে ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুনানি শেষ হয়ে যাওয়ার পর বলছে নথি গ্রহণযোগ্য নয়। বিপুলসংখ্যক বৈধ ভোটারের নাম বাদের চক্রান্ত। হিয়ারিং চলাকালীন কেন নোটিশ দিল না? আরেক দরজা বন্ধ করছে। যারা নথি দিয়েছে, তাদের প্রতি অবিচার! সুপ্রিম কোর্ট বলেছে এ নথি গ্রহণযোগ্য। ভারতীয় বিচারব্যবস্থা অভিযুক্তকেও সুযোগ দেয়, কমিশন বিজেপির দলদাস। বিজেপির স্বার্থে ব্যাকডোর দিয়ে বাংলার ভোটার কাটছে। এটা অনৈতিক, অবৈধ। বহু মানুষ বিপদে পড়বে।”
তৃণমূল নেতারা দাবি করেন, এতে গ্রামীণ ভোটাররা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কমিশনের এ সিদ্ধান্ত শুনানির পর এসেছে বলে প্রশ্ন তুলেছেন।
