Type Here to Get Search Results !

সন্দেসখালিতে নদীবাঁধে ভয়াবহ ফাটল - উদ্বিগ্ন এলাকার মানুষ


 সন্দেসখালিতে নদীবাঁধে ভয়াবহ ফাটল - উদ্বিগ্ন এলাকার মানুষ 


  নদী নালার দেশ সুন্দরবন। মাঝে মাঝেই এখানে বিভিন্ন বাঁধ ভেঙে তলিয়ে যায় বহু জায়গা। এবার তেমনই সম্ভাবনা দেখা দিয়েছে সন্দেশখালির একটা অংশে। সন্দেশখালির বেড়মজুর-১ অঞ্চলের কাছারী ঘাট সংলগ্ন ছোট কলাগাছি নদীর বাঁধে ভয়াবহ ধস নেমেছে। শ্মশান ঘাটের পাশের প্রায় ৫০ ফুট অংশ সহ একাধিক জায়গায় বাঁধের মাটি ভেঙে পড়ে চওড়া ফাটল তৈরি হয়েছে। হঠাৎ এমন ধসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁধের উপর ও ভিতরের অংশে বড়সড় ফাটল দেখা দিয়েছে এবং নিচের দিকটি অনেকখানি বসে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় খাড়াভাবে মাটি ধসে পড়ায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। যেকোনও মুহূর্তে আরও বড় অংশ ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এই বাঁধের উপরেই নির্ভর করে আশেপাশের বিস্তীর্ণ লোকালয়। নদীর জোয়ারের জল সরাসরি ঢুকে পড়া থেকে গ্রামগুলিকে রক্ষা করে এই বাঁধ। ফলে বর্তমান অবস্থায় বাঁধ দুর্বল হয়ে পড়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বাসিন্দারা।


   এই বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ্ত সরকার বলেন, আর মাত্র ৪-৫ দিন পর পূর্ণিমা। সেই সময় ভীষণ জোরালো জোয়ারের জল নদীতে স্বাভাবিকের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। যদি তার আগেই বাঁধ মেরামতের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জোয়ারের চাপে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। এলাকাবাসীরা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট দফতরের উদ্যোগে বাঁধ পরিদর্শন করে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু করতে হবে। সামান্য গাফিলতিই ডেকে আনতে পারে বড় বিপর্যয়। পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে উঠছে বলে মত স্থানীয়দের। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সন্দেশখালির বেড়মজুর অঞ্চলে প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই সম্ভাব্য বিপদ এড়াতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.