বিনোদন
রামনবমীতে প্রকাশ পেতে চলেছে বিরাট বাজেটের 'রামায়ণ'
ভারতের মাটিতে রামায়ণ ও মহাভারত মহাকাব্য দুটির প্রতি মানুষের শ্রদ্ধাই আলাদা। আর যদি তা সিনেমা আকাশে সামনে আসে তাহলে তো কথাই নেই। আগামী মার্চ মাসের শেষের দিকে রামনবমী। বলিউড মাধ্যম সূত্রে খবর, তিথি-নক্ষত্র মেনে এদিনই ‘রামায়ণ’-এর শুভসূচনা হতে চলেছে। চলতিবছর ২৬ এবং ২৭ মার্চ, দু’দিন রামনবমী পড়েছে। এর মাঝেই কোনও এক মাহেন্দ্রক্ষণে বিগবাজেট সিনেমার কাস্টিংদের লুক এবং ঝলক উন্মোচন করবেন প্রযোজক নমিত মালহোত্রা এবং নীতেশ তিওয়ারি। তবে ঝলক উন্মোচনের জন্য সোশাল মিডিয়া নয়, বরং এক অভিনব পন্থা নিতে চলেছেন নির্মাতারা। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ঝলক ফুটে উঠবে ইন্ডিয়া গেট চত্বরে। অনুষ্ঠানের কলেবরও নেহাত ছোটখাট নয়! বিটাউনে কানাঘুষো, একমাস আগে থেকেই এই হাইভোল্টেজ ইভেন্টের জন্য আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছেন প্রযোজক। রণবীর কাপুর, দক্ষিণী তারকা যশ, সাই পল্লবী, ‘লক্ষ্মণ’ রবি দুবের পাশাপাশি এহেন ‘রাজসূয়যজ্ঞে’ মহারাষ্ট্র এবং কেন্দ্রীয় সরকারের তাবড় নেতা-মন্ত্রীদেরও উপস্থিত থাকার কথা।
'রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। প্রভাসের ‘আদিপুরুষ’ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন। শোনা যায়, চাবুক ফিগার গড়তে নাকি তিন বছর ধরে ব্যায়ামাগারে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়ে যেতে হয়েছে কাপুরনন্দনকে। এমনকী ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও! যদিও সুপারস্টার কাপুরের ‘আমিষ ত্যাগ’ নিয়ে দ্বিমত রয়েছে, তবে নিষ্ঠার কোনও খামতি রাখেননি রণবীর। এবার খবর, অভিনেতাকে রামের অবতারে দেখার জন্য আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।
