Type Here to Get Search Results !

'ফ্যামিলিওয়ালা’ ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে লিলি চক্রবর্তীকে

'ফ্যামিলিওয়ালা’ ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে লিলি চক্রবর্তীকে 



  কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে দেখা যাবে তাঁকে, সেকথা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল, সুমন ঘোষের পরিচালনায় ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর সে খবর এদিন সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জানিয়ে রাখা ভাল, উইন্ডোজ প্রযোজিত এই ছবিতে অন্যতম মুখ্যভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদকে। এই জনপ্রিয় অভিনেতা-পরিচালক নিজস্ব ছন্দে অল্প কথায় জানিয়েছেন, চলতি বছর একাধিক অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বড়পর্দায় রিইউনিয়ন হচ্ছে তাঁর। আরও ভাল করে বললে, বহু বছর পর কেন্দ্র সঙ্গে কাজ করছেন। সেই তালিকায় এবার যোগ হল লিলি চক্রবর্তীর নাম। গোটা ঘটনায় যারপরনাই আপ্লুত তিনি। জানিয়ে রাখা ভাল, এর আগে এই বর্ষীয়ান অভিনেত্রী নন্দিতা রায় ও শিবপ্রসাদের পরিচালনায় ‘পোস্ত’ ছবিতে অভিনয় করেছিলেন। সে-ও প্রায় ১০ বছর আগে। শান্তিনিকেতন জুড়ে চলেছিল ছবির শুটিং। এর এক দশক পরে ফের সেই শান্তিনিকেতনেই এসে পড়েছে ‘ফ্যামিলিওয়ালা’-রা।


  তবে হ্যাঁ, সেবারে এই বর্ষীয়ান অভিনেত্রীকে নির্দেশ দিলেও তাঁর সঙ্গে অভিনয় করতে পারেননি শিবপ্রসাদ। এবারে তা হচ্ছে। বহুরূপী ছবি খ্যাত এই পরিচালক-অভিনেতা তাঁর সংক্ষিপ্ত পোস্টে জানালেন, ২০২৬ তাঁর কাছে “রিইউনিয়নের বছর”। আরও জানাতে ভোলেননি যে নিজের কেরিয়ারে এই প্রথম লিলি চক্রবর্তীর সঙ্গে পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি। ফেসবুকের দেওয়ালে শিবপ্রসাদ লিখেছেন, “২০২৬- উইনডোজের ২৫ বছর। রিইউনিয়নের বছর। রিইউনিয়ন পর্ব প্রবাদ প্রতিম অভিনেত্রী লিলি চক্রবর্তীর সাথে। ২০১৬ সালে ‘পোস্ত’ করতে গিয়ে শান্তিনিকেতনে আমরা একসাথে কাজ করেছিলাম। দশ বছর বাদে,  আরও একবার, ২০২৬, শান্তিনিকেতন, সিনেমার নাম ফ্যামিলিওয়ালা, পরিচালক সুমন ঘোষ। লিলিদির বয়স এখন ৮৫। অভিনয় জীবনের ৬৬তম বছরে নিয়মিত কাজ করছেন ।আমার সৌভাগ্য আমি প্রথমবার লিলি চক্রবর্তীর সাথে বড় পর্দায় অভিনয় করবার সুযোগ পেলাম, ধন্য হলাম। এই বছরটা বহু মানুষের সাথে নতুন করে কাজ করবার। এই বছরে বহু কলাকুশলীর সাথে রিইউনিয়ন পর্ব চলছে। এক এক করে তাদের কথাও বলব।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.