পূর্ব মেদিনীপুর /শুভেন্দুর জেলা থেকেই রাজ্য শুরু করলো কাটমানি বিরোধী তৎপরতা
এই সরকার যেমন প্রচুর প্রকল্প দিয়েছেন, তেমনই স্থানীয় স্তরের নেতাদের কিছু কাটমানি না দিলে সেই প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ দীর্ঘদিনের। এবার তা বন্ধ করতে পুলিশ কাজ শুরু করেছে। আর সেটা শুরু করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা থেকে। সরকারি প্রকল্প সংক্রান্ত অভিযোগ জানাতে এই হেল্পলাইন নম্বর চালু করল পূর্ব মেদিনীপুর পুলিশ। হেল্পলাইন নম্বরটি হল ৭০৪৭৯৮৯৮০০। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ২৪ ঘণ্টাই হেল্পলাইন নম্বরটি চালু থাকছে। বাংলার বাড়ি-সহ সরকারি বিভিন্ন প্রকল্পে কেউ কাটমানি চাইলে, সরকারি প্রকল্পের সুবিধা দিতে দেরি কিংবা খারিজ করলে এই হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে। পরিচয় গোপন রেখে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।
শুক্রবার সাংবাদিক বৈঠকে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, “সাধারণ উপভোক্তারা পরিচয় গোপন রেখে এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের সঙ্গে যদি কোনও অডিয়ো কিংবা ভিডিয়ো প্রমাণ যুক্ত থাকে, তবে সেই প্রমাণের ভিত্তিতে পুলিশ প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে।” দলমত নির্বিশেষে অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে স্পষ্ট করে দেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার। এই মর্মে জেলার প্রতিটি থানার ওসি ও আইসি-দের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
