'অভিনেতাকে অভিনয় ধরে রাখতে হয়, শর্টকাটের মাধ্যমে টাকা কমানো উচিত না' রাজপলকে অক্ষয়ের উপদেশ
৯ কোটির চেক বাউন্স মামলায় গত ফেব্রুয়ারি মাসেই দিল্লি উচ্চ আদালতে বড় স্বস্তি পেয়েছেন রাজপাল যাদব। অন্তর্বর্তীকালীন জামিনে তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পর লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াতেও ফিরেছেন অভিনেতা। রাজপাল বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে তাঁর আসন্ন সিনেমা ‘ভূত বাংলা’র প্রচারে ব্যস্ত। সেই ছবির প্রোমোশনের মাঝেই এবার জেলফেরত বন্ধু, সহ-অভিনেতাকে বড় উপদেশ দিলেন ‘খিলাড়ি’। ভূত বাংলা’র প্রচারে প্রয়াত আসরানির তরফে পাওয়া এক মূল্যবাণ উপদেশের কথা বলছিলেন অক্ষয় কুমার। সেসময়েই রাজপালের কোটি টাকার চেক বাউন্স মামলার প্রসঙ্গ উত্থাপন হয়। কথায় কথায় খিলাড়ি বলেন, আসরানি সা’ব যে উপদেশ দিয়েছিলেন, এই বিষয়েও সেটা ভীষণই প্রাসঙ্গিক। আমি রাজপালকেও সেকথাই বলছিলাম যে, কোনওদিন প্রযোজক হতে যেও না। কারণ আমরা অভিনেতা। কীভাবে ছবি প্রযোজনা করতে হয় সেই স্ট্র্যাটেজি শুধুমাত্র প্রযোজকরাই খুব ভালো জানেন।
তাই সেই কৌশল রপ্ত না করে প্রযোজক হওয়ার চেষ্টা করা উচিত নয়। কেউ যদি অভিনেতা হন, তাহলে সেই সত্ত্বাই ধরে রাখা উচিত। তাড়াহুড়ো করে শর্টকাটের মাধ্যমে টাকা কামানোর কথা ভুলেও ভাবতে যেও না।” এখানেই অবশ্য থামেননি ‘খিলাড়ি’। জেলফেরত অভিনেতার উদ্দেশে অক্ষয়ের সংযোজন, “আশা করি, রাজপাল এই পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসবে। ও অসাধারণ একজন অভিনেতা! কারণ ওঁর মধ্যে একটা গুণ রয়েছে। কোনও অভিনেতা যদি ১০০ শতাংশ চেষ্টা করেন, রাজপাল সেটাই ১২০-১৪০ শতাংশ উজাড় করে দেয়। তাই রাজপাল যাদবের সঙ্গে কাজ করাটা বরাবরই খুব মজার। আমাদের খুনসুঁটিও এতটাই স্বাভাবিক যে কখনও কখনও তো চিত্রনাট্যেও কিছু সংলাপ লেখা থাকে না। আমাদের নিজস্ব ইম্প্রোভাইজেশনই পছন্দ হয়ে যায় প্রিয়দর্শনের।” উল্লেখ্য, ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগম ভাগ’-সহ খিলাড়ির একাধিক সিনেমা রাজপালের কৌতুকাভিনয় ও সংলাপে হাততালি কুড়িয়েছে।
