অফবিট
মিরাকেল তো আজও ঘটে। আর তাতে অনেক সময় আমরা ফিরে যাই অতীত ইতিহাসে। আজ তেমনই এক গল্প শোনাবো আপনাদের। গন্তব্যে পৌঁছনোর জন্য র্যাপিডো অ্যাপে বাইক বুক করেছিলেন যুবক৷ কিন্তু বুকিং হওয়া মাত্র র্যাপিডোর বাইক চালকের নাম এবং ছবি দেখেই চোখ আটকে গেল তাঁর৷ শেষ পর্যন্ত যখন সেই র্যাপিডো বাইক চালক পিক আপ করতে এলেন, উমর নামে ওই যাত্রী নিশ্চিত হলেন, ওই র্যাপিডো চালকই তার ক্লাসের প্রাক্তন সতীর্থ৷ এই বন্ধুই একসময় তাঁদের ক্লাসের ফার্স্ট বয় ছিল৷ দুই সহপাঠীর এই পুনর্মিলনের ঘটনা সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে৷ ভারত মাতা কে সেবক নামে এক্স হ্যান্ডেলের একটি অ্যাকাউন্ট-এ ঘটনাটি শেয়ার করা হয়েছে৷
জানা গিয়েছে, ওই র্যাপিডো বাইকটি বুক করেছিলেন উমর নামে একজন যাত্রী৷ বুকিং কনফার্ম হওয়ার পর অ্যাপে উমর দেখেন, চন্দন নামে একজন বাইক চালক তাঁকে পিক আপ করতে আসছেন৷ প্রথমে বিষয়টি খেয়াল না করলেও হঠাৎই উমরের মনে হয়, এই চন্দনই একসময় স্কুলে তাঁর সহপাঠী ছিল৷ যে ক্লাসে সব সময় পরীক্ষায় প্রথম হত৷ চন্দন এসে পৌঁছনো মাত্রই প্রথমে উমরের থেকে ওটিপি চান৷ পরমুহূর্তেই অবশ্য চন্দনও উমরেক চিনতে পারেন৷ যাত্রা শুরু করার পর উমর চন্দনের থেকে জানতে চান, সে কতদিনে র্যাপিডোয় বাইক চালাচ্ছে? পড়াশোনায় এত মেধাবী হওয়ার পরেও কেনই বা সে এই পেশা বেছে নিল? চন্দন জানান, জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না৷ তবে র্যাপিডো চালিয়েও তিনি ভালই আছেন বলেও জানান চন্দন৷ মজা করে চন্দন আরও বলেন, স্কুলের বন্ধুর থেকে সে ভাড়া নেবে না৷