বিনোদন
আবার আঁধার নামলো বলিউডে
ইদানিং বলিউড হারিয়েছে বেশ কয়েকজন কৃতি শিল্পীকে। এবার তারসঙ্গে যুক্ত হল নতুন নাম। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনতা ভরত কাপুর৷ একের পর এক তারকারা একে একে ছেড়ে চলে যাচ্ছেন৷ সময়টা মোটেই ভাল যাচ্ছে না টিনসেল টাউনের৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। অভিনেতার বন্ধু অবতার গিল সোমবার সন্ধ্যায় (২৭ এপ্রিল) সংবাদ সংস্থাকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ভরত গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি জানান, ‘ভরতজির ছেলে রাহুলের কাছ থেকে আমি ফোন পাই। দুপুর ৩টের নাগাদ তাঁর বাবা নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি গত তিন দিন ধরে অসুস্থ ছিলেন৷ আমি তাঁকে ৫০ বছরেরও বেশি সময় ধরে চিনি। আমরা একসঙ্গে অনেক নাটক করেছি ও চলচ্চিত্রে অভিনয় করেছি । আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল, কিন্তু এক সপ্তাহ ধরে আমাদের মধ্যে কোনও কথা হয়নি। আমার কাছে এটা একজন বড় ভাই, একজন পথপ্রদর্শক এবং একজন বন্ধুকে হারালাম৷ তার আত্মার শান্তি কামনা করি’৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে৷ ভরত কাপুর ‘হিন্দুস্তান কি কসম’, ‘সোনে পে সুহাগা’, এবং ‘বলিদান’-এর মতো ছবিতে সহায়ক ভূমিকা পালন করার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। তিনি ‘বারসাত’, ‘আখেরি রাস্তা’, ‘নূরী’, ‘রাম বলরাম’ এবং ‘ইনকার’-এর মতো চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য বিশিষ্টতা অর্জন করেছিলেন।
