আন্তর্জাতিক
হরমুজ খুলে দিলেও কি পুরোপুরি খোলা হলো না?
ইজরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধ বিরতি বন্ধ হবার পরেই শর্ত অনুযায়ী ইরান খুলে দিয়েছিলো হরমুজ প্রণালী। এরপরই সোশাল মিডিয়ায় ট্রাম্প বলেন, ‘ইরান হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিতে প্রস্তুত। ওরা আর এটা বন্ধ করবে না, এবং এই প্রণালীকে বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না।’ তবে ইরান হরমুজ খুলে দিলেও আমেরিকা অবরোধ জারি রাখবে বলে জানায়। এর পালটা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড একটি বিবৃতিতে জানায়, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। ইরান হরমুজ খুলে দেওয়া সত্ত্বেও আমেরিকা ওই জলপথে অবরোধ অব্যাহত রেখেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ইরানগামী সমস্ত জাহাজের অবাধ চলাচল আমেরিকা নিশ্চিত করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে।
এরপরই সামনে এসেছে পণ্যবাহী জাহাজের উপর হামলার ঘটনা। শনিবার দুটি পণ্যবাহী জাহাজের তরফে জানানো হয়েছে, তারা হরমুজ পার করার চেষ্টা করছিল। সেই সময় তাদের উপর গুলি চালানো হয়েছে। পণ্যবাহী জাহাজের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা বিভাগ-সহ তিনটি সূত্র থেকে এই তথ্য সামনে এসেছে। এই হামলার দায় এখনও পর্যন্ত কেউ না নিলেও অনুমান করা হচ্ছে, ইরানের তরফেই এই হামলা চলেছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়েও বিশদে কিছুই জানা যায়নি। এদিকে সব ঠিকঠাক থাকলে সোমবার ইসলামাবাদে বসতে চলেছে ইরান-আমেরিকার দ্বিতীয় দফার শান্তি আলোচনা। সেক্ষেত্রে রবিবারই পাকিস্তানে পৌঁছে যেতে পারেন দুই পক্ষের প্রতিনিধি দল। শোনা যাচ্ছে, এবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেন খোদ মার্কিন প্রেসিডেন্টও।
