"নারীশক্তির বিরোধিতার পাপ থেকে মুক্তি পাবে না বিরোধীরা" - প্রধানমন্ত্রী
'নারীশক্তি বন্দন' বিল আটকে দিলো লোকসভায় বিজেপি বিরোধী সকলে মিলে। শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তীব্র দুঃখ প্রকাশ করে বলেন, "নারীশক্তির বিরোধিতার পাপ থেকে মুক্তি পাবে না বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলকে সেটার শাস্তি পেতেই হবে।” একদিন আগেই সংসদে নারীশক্তি বন্দন অধিনিয়ম পাশ করাতে পারেনি কেন্দ্র। সংবিধান সংশোধনী আইন পাশ করানোর সংখ্যা সরকারের হাতে ছিল না। এই বিলের আড়ালে থাকা আসন পুনর্বিন্যাসের চেষ্টাকে ‘ষড়যন্ত্র’ হিসাবে উল্লেখ করে সেটিকে সমর্থন করেনি বিরোধীরাও। সব মিলিয়ে সংশোধনী আইনটি পাশ হয়নি। যার দায় বিরোধীদের উপর চাপিয়ে মোদি বললেন, “নারীশক্তি বিল আটকে বিরোধীরা যে ভুল করল, তার জন্য দেশের নারীরা তাদের কখনও ক্ষমা করবেন না। মেয়েরা সব ভুলতে পারে, অপমান ভুলতে পারে না।”
নাম করে করে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলকে নিশানা করে প্রধানমন্ত্রীর তোপ, “গণতন্ত্রের কাছে লজ্জা। নারীর সমর্থনে বিল পেশ করা হল। কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের মতো দলগুলি এর বিরোধিতা করল। এই বিল কেবল প্রস্তাব ছিল না, এই বিল ছিল নারীর আত্মসম্মানের প্রশ্ন।” মোদির তোপ, “সকলকে একত্রিত করার প্রচেষ্টা ছিল এই বিল। নারীশক্তি বন্দন সংশোধন উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম সব রাজ্যেকে শক্তিবৃদ্ধির প্রয়াস ছিল। সমান অনুপাতে শক্তিবৃদ্ধির কৌশল ছিল এই বিল। এই প্রয়াসটাকে গোটা দেশের সামনে গণহত্যা করে দিল কংগ্রেস, ডিএমকে, তৃণমূল।”
