মমতা ভয় পাচ্ছেন, তার দলের বিধায়ক বিক্রি হয়ে যেতে পারে ভোটের পরে
এটা সত্যি ভাগ্যেই পরিহাস যে ২০১১ সালের পরে বিভিন্ন দল থেকে হুরহুর নেতাবমন্ত্রীরা তৃণমূলে চলে এসেছিলেন। তখনো যাদের কোনো না কোনোভাবে কেনা হয়েছিল, এবার সেই ভয় পাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিধায়ক কেনাবেচার আশঙ্কার কথা শোনা গেলো । শনিবার ভবানীপুরে প্রচারের সময় তিনি বলেন, তৃণমূল সামান্য মেজরিটিতে জিতলে বিধায়ক কেনাবেচা করতে পারে বিজেপি। সেজন্য তৃণমূলকে দুই-তৃতীয়াংশ আসনে জেতানোর আবেদন জানালেন। মমতার মন্তব্যের জবাব দিয়ে বিজেপি জানিয়ে দিল, তারাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬ জেলায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। সেই প্রসঙ্গে উল্লেখ করে এদিন নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে মমতা বলেন, “প্রথম দফায় যে ১৫২ আসনে নির্বাচন হয়েছে, সেখানে আমরা ১০০ পার করেছি। আর যে দেড়শো আসনে (১৪২) ভোট বাকি রয়েছে, সেখানে আপনাদের সবাইকে ভোট দিতে হবে। তাহলে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাব।
মমতার এই মন্তব্যের জবাব দিতে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসবে। ফলে কেনাবেচার কোনও গল্পই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, উনি পাচ্ছেন না। সেটা বুঝে গিয়েছেন। সেই জন্যই ভয়ে বলছেন। উনি বুঝে গিয়েছেন, উনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। বিজেপিই সংখ্যাগরিষ্ঠতা পাবে। কেউ আটকাতে পারবে না।”
