ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নাজেহাল ট্রাম্প। ইজরাইল ও মার্কিন যৌথ বাহিনীর সঙ্গে সমানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। আমেরিকা কিছু শর্ত সাপেক্ষে বার বার করে যুদ্ধ বিরতি চাইছে। কিন্তু সেই শর্ত মানতে রাজী না ইরান। এবার একদিক থেকেই যুদ্ধ বিরতি ঘোষণা করলো ট্রাম্প। 'আজ রাতের মধ্যেই সভ্যতা ধ্বংস হবে’ বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা। মঙ্গলবার ইরানের সঙ্গে দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের পাওয়ার প্লান্ট ও সেতুগুলিকে নিশানা করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এলেন তিনি। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেবে ইরান, এই শর্তেই এই যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে বলে জানা যাচ্ছে। একটি পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ইরান তাঁকে ১০ দফা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ট্রুথ সোশ্যালে এই ট্রাম্প যে পোস্ট করেছেন, তাতে তিনি উল্লেখ করেছেন যে এই যুদ্ধবিরতির প্রস্তাব তাঁকে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনীর। হোয়াইট হাউসের একজন উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন যে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইজরায়েলও সমর্থন করেছে।
এই সময়সীমার মধ্যে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নাহলে অসামরিক পরিকাঠামোর উপর সামরিক হামলা চালানো হবে বলে সতর্ক করা হয়েছে ইরানকে। ইজরায়েল আপাতত সব সামরিক অভিযান বন্ধ রাখতে সম্মত হয়েছে। ট্রাম্প আরও জানিয়েছেন যে আমেরিকা ইরানের তরফ থেকে ১০ দফার প্রস্তাব পেয়েছে। এই বিষয়ে আলোচনা করা যায় বলে মনে করেন তিনি। চুক্তি চূড়ান্ত করার জন্য এই দু’সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে।ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে যে, আমেরিকা ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে। হামলা না করার প্রতিশ্রুতি, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ ফেরানো, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সম্মতি, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানকে ক্ষতিপূরণ প্রদান, মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার সহ একাধিক প্রস্তাব দিয়েছে ইরান।