সিকিম রাজ্যের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী গ্যাংটকে
সিকিম এক বছর ধরে নানা উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে চলেছে রাজ্যের
সুবর্ণ জয়ন্তী। সোমবার পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার শেষ করে ওই অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের সফরে সিকিমে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিকেলে বাগডোগরা বিমানবন্দর থেকে সেনাবাহিনীর চপারে সিকিমের পকিয়ং বিমানবন্দরে পৌঁছন তিনি। এরপর রোড শোতে যোগ দেন। মঙ্গলবার পালজোর স্টেডিয়ামে একটি বর্ণময় অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরের জন্য পর্যটকদের জন্য ইতিমধ্যে একাধিক নির্দেশ জারি করা হয়েছে। বিশেষ করে আজ, মঙ্গলবার যারা ট্রেন অথবা উড়ান ধরতে শিলিগুড়িতে নামতে চান তাদের ভোর ছ’টার মধ্যে গ্যাংটক ছেড়ে যেতে নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিভাগ। ১৯৭৫ সালের ১৬ মে ভারতের ২২ তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে চিন সীমান্ত সংলগ্ন সিকিম। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের সম্ভার নিয়ে হিমালয়ের কোলে গড়ে ওই রাজ্য অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জায়গা করে নেয়। ২০২৫ সালের ১৬ মে থেকে পর্যটন নির্ভর, একমাত্র পুরোপুরি জৈব চাষ সমৃদ্ধ রাজ্য সিকিম প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উৎসব শুরু হয়। ঐতিহাসিক বর্ষে রাজ্যজুড়ে উন্নয়ন, জৈব চাষের সাফল্য, পর্যটন বিকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
