অন্তর্জাতিক
ইরানের পরে আমেরিকার দিকে 'রক্তচক্ষু' নিক্ষেপ করছে কিম জং উন
আমেরিকার সামনে নয়া বিপদ উত্তর কোরিয়া। কিম জং উন এবার ট্রাম্পের ঘাড়ের সামনে নিশ্বাস ফেলছে। যখন ইরান যুদ্ধে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সময় কিম জং উনের অন্তর্জাল ডাকাতিতে জেরবার একাধিক আমেরিকান কোম্পানি। উত্তর কোরিয়ার (North Korea) হ্যাকাররা হাজার হাজার মার্কিন কোম্পানির সফটওয়্যারে আড়ি পাতছে। এবং সময়-সুযোগ বুঝে গায়েব করছে মিলিয়ান বিলিয়ান ক্রিপ্টোকারেন্সি। সম্প্রতি সংবাদসংস্থা সিএনএন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্কিন কোম্পানিগুলির ক্রিপ্টোকারেন্সি ডাকাতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে কিম প্রশাসন। এর জন্য নিয়োগ করা হয়েছে উত্তর কোরিয়ার বাছাই করা হ্যাকারদের।
এরা আমেরিকান সংস্থাগুলির সফটওয়্যারে ঢুকে অর্থ হাতিয়ে নিচ্ছে। সেই অর্থই কিমের পারমাণু অস্ত্র কর্মসূচিতে ব্যয় করা হচ্ছে। জানা গিয়েছে, গত মঙ্গলবার সকালে তিন ঘণ্টার জন্য পিয়ংইয়ং-এর পোষা হ্যাকাররা ‘অ্যাক্সিওস’ নামের একটি মার্কিন সফটওয়্যারের অ্য়াডমিনের অ্যাকাউন্টে ঢুকে পড়ে। এর ফলে দেশজুড়ে ক্ষতি হয়ে গিয়েছে। কারণ স্বাস্থ্য থেকে শুরু করে অর্থায়ন, প্রায় প্রতিটি খাতের কোম্পানিগুলো তাদের ওয়েবসাইট তৈরি ও পরিচালনা সহজ করতে ‘অ্যাক্সিওস’ ব্যবহার করে থাকে। গুগলের মালিকানাধীন সাইবার গোয়েন্দা সংস্থা ‘ম্যান্ডিয়েন্ট’ জানিয়েছে, সন্দেহভাজন উত্তর কোরিয়ান হ্যাকিং গোষ্ঠী এর জন্য দায়ী।
